দুর্ঘটনার পর কেমন আছেন জোভান দম্পতি

ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মেরিন ড্রাইভের হিমছড়িতে এই অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় জোভানের সঙ্গে আহত হয়েছেন তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনাও।

জানা গেছে, গত ১১ জুন জোভান নিজেই স্কুটি চালাচ্ছিলেন। হঠাৎ সামনের একটি সিএনজি কোনো সংকেত না দিয়ে ইউটার্ন নিলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এতে তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ জখম হয়। দুর্ঘটনার পরের দিনই তারা ঢাকায় ফিরে আসেন।

জোভান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। তবে নিয়মিত হাসপাতালে গিয়ে ক্ষতস্থানে ড্রেসিং করাতে হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। চিকিৎসকের পরামর্শে আপাতত সব ধরনের শুটিং ও কাজ স্থগিত রেখেছেন এই অভিনেতা। ঈদের পর পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর পরিকল্পনা ভেস্তে গেল দুর্ঘটনায়।