বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো দেশ। আর এই ফুটবল উন্মাদনার চিরচেনা আবহ এবার উঠে আসছে ছোট পর্দায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার বৈরিতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশেষ নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’।
নাটকের গল্প আবর্তিত হয়েছে একটি ফুটবল-পাগল পরিবারকে ঘিরে। যেখানে শ^শুর আর জামাই আর্জেন্টিনার কট্টর সমর্থক, অন্যদিকে শাশুড়ি আর ছেলের বউ ব্রাজিলের অন্ধ ভক্ত। দুই শিবিরের এই ভিন্ন মতাদর্শের কারণে ঘরে ঘরে শুরু হয় তুমুল পারিবারিক যুদ্ধ, খুনসুটি আর হাসির সব কা-কারখানা। গল্পে ভিন্ন স্বাদ আনতে যুক্ত হয়েছে কিছু ছদ্মবেশী সমর্থকও।
বিশ্বজিৎ কুরি জিতুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার ইফতি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার ও সাবরিন মলিমাসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘দর্পণ অরিজিনাল ড্রামা’ চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।