সম্পর্কের টানাপড়েন নিয়ে কৃতি শ্যাননের ককটেল

চলতি প্রজন্মের ডেটিং কালচার, সিচুয়েশনশিপ ও কমিটমেন্টের সমসাময়িক জটিলতা নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত সিনেমা ‘ককটেল ২’। সম্প্রতি দিল্লিতে ছবির প্রচারণামূলক সংবাদ সম্মেলনে হাজির হয়ে কৃতি জানান, আধুনিক প্রেমের মনস্তত্ত্ব ও আবেগঘন এক বাস্তবসম্মত বার্তা রয়েছে এই চলচ্চিত্রে।

সংবাদ সংস্থা এএনআইর মুখোমুখি হয়ে কৃতি শ্যানন বলেন, ‘বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সম্পর্কে জড়িয়ে পড়া, নামহীন সম্পর্ক বা ‘সিচুয়েশনশিপ’ এবং প্রতিশ্রুতি দেওয়া নিয়ে যে ধরনের দোলাচল ও প্রশ্ন তৈরি হয়, সিনেমাটির শেষে তার একটি সুন্দর সমাধান বা বার্তা দেওয়া হয়েছে, যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করবে।’

হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমায় কৃতির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ট্রেইলারে তিন বন্ধুর জটিল সম্পর্কের সমীকরণ প্রকাশ পেয়েছে, যেখানে অ্যালির ভূমিকায় কৃতি শ্যাননের অনবদ্য উপস্থিতি ও গ্ল্যামার ইতিমধ্যেই নজর কেড়েছে। ছবিতে শহিদ কাপুরের সঙ্গে কৃতির রসায়ন এবং পরে রাশমিকার সঙ্গে তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই গল্পের মূল আকর্ষণ।

২০১২ সালের সাইফ-দীপিকা-ডায়ানা অভিনীত কালজয়ী ‘ককটেল’ সিনেমার সরাসরি সিক্যুয়েল না হলেও, এটিকে একটি স্ট্যান্ডঅ্যালোন স্পিরিচুয়াল সিক্যুয়েল বলা হচ্ছে। চিত্রনাটে লিখেছেন তরুণ জৈন ও লভ রঞ্জন। সংগীত পরিচালনা করেছেন প্রীতম।