দর্শক অনুপ্রেরণায় চ্যালেঞ্জিং গল্পে কাজ করার সাহস পাই

ইউটিউবে প্রকাশিত পরপর তিন নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকগুলো হলো তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। এর মধ্যে ‘রূপার সংসার’ নাটকে তিনটি ভিন্ন বয়সের চরিত্রে নিখুঁত অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

‘রূপার সংসার’ নাটকে আপনার অভিনয় নিয়ে বেশ চর্চা হচ্ছে। একই নাটকে তিনটি ভিন্ন বয়সের চরিত্রে রূপদান করার অভিজ্ঞতা কেমন ছিল?

রূপা চরিত্রটিতে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তিনটি বয়সের চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একই নাটকে তিনটি ভিন্ন বয়সের চরিত্রে নিজেকে উপস্থাপন করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। অনেক কষ্ট করে কাজটি করেছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায়, ‘রূপার সংসার’ তার প্রমাণ।

নাটকটি প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন? দর্শকদের এই ভালোবাসাকে কীভাবে দেখছেন?

নাটকটি দশ দিন আগে প্রচারে এসেছে। প্রকাশের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে চিরাচরিত ধারার বাইরে ভিন্ন ধরনের গল্প দেখতে চায়, ‘রূপার সংসার’-এর সাফল্যই তার প্রমাণ। আমাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য দর্শকদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আমার যারা নিয়মিত ভক্ত, তাদের প্রতিও আন্তরিক ভালোবাসা রইল। তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আমি আরও ভালো ভালো ও চ্যালেঞ্জিং গল্পে কাজ করার সাহস পাই। সহশিল্পীদের অনুপ্রেরণায় দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছি এই নাটকগুলোতে আপনার সহশিল্পী হিসেবে ছিলেন মোশাররফ করিম ও নিলয় আলমগীর। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাই।

‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ নাটকে আমার সঙ্গে আছেন নিলয় আলমগীর ভাই। আর ‘ডিজিটাল হাবলু’ নাটকে অভিনয় করেছি শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে। এই দুজনের সঙ্গেই আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে। সহশিল্পী হিসেবে তারা চমৎকার। তাদের সঙ্গে অভিনয় করেই আমি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করার সুযোগ পেয়েছি। তাদের দুজনকে অনেক ধন্যবাদ।

আগামীতে আপনার কাজের পরিকল্পনা কী? দর্শক নতুন কী পেতে যাচ্ছে?

দর্শকদের বলব, আপনারা যেভাবে সবসময় বাংলা নাটকের পাশে আছেন এবং আমাদের অনুপ্রাণিত করছেন, সেই ধারা বজায় রাখুন। আমি আপনাদের সুন্দর সুন্দর কাজ উপহার দেব। আপনাদের ভালোবাসাই আমাদের ভালো কাজের মূল চালিকাশক্তি। কাজের পরিকল্পনা বলতে, আমি সবসময়ই একটু ভিন্নধর্মী ও ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।