কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

কেরানীগঞ্জে মোবাইলে ফ্রি ফায়ার গেইমস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইমন নামে এক কিশোর খুন হয়েছে। ঘাতক আরাফাত হোসেন রবিউলকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগে-ারিয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে দুই বন্ধু ইমন ও রবিউল একসঙ্গে সদরঘাটে বড় স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়। সেখানে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। খেলা দেখা শেষে গতকাল শুক্রবার ভোরে যে যার মতো পারগে-ারিয়া এলাকায় ফিরে আসে। এলাকায় এসে রবিউল আবারও ইমনের ওপর চড়াও হয়। তর্কবিতর্কের একপর্যায়ে পারগে-ারিয়া কাইয়ুম স্যারের মাদ্রাসার সামনে এলে রবিউল একটি সুইচ গিয়ার চাকু দিয়ে ইমনের পায়ে জোরালো আঘাত করে। গুরুতর আহত হয়ে ইমন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং রবিউলকে বেঁধে রেখে থানায় খবর দেয়। হাসপাতালে নিতে নিতে অতিরিক্ত রক্তক্ষরণে পথিধ্যেই ইমন মারা যায়।