কবি আল মুজাহিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আল মুজাহিদী আর নেই। গতকাল শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কবির মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আল মুজাহিদী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। পেশাজীবনে তিন দশকের বেশি সময় তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ২০১২ সালে সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন যায়যায়দিন পত্রিকায়। সবশেষ তার সম্পাদনায় প্রকাশিত হতো ষাণ¥াষিক সাহিত্যপত্র ‘নতুন এক মাত্রা’।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৩ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে শোক জানিয়েছেন।