ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতি গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে একটি স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক এসব দাবি তুলে ধরেন।
তারা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি কোটি কোটি গ্রাহকের আস্থা, দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রেমিট্যান্স প্রবাহ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং সাধারণ মানুষের সঞ্চয়ের বড় একটি অংশ এই ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। বক্তারা বলেন, সম্প্রতি চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে অপসারণের পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত ২৪ মে থেকে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি উপস্থাপনসহ বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে দ্রুত একটি সৎ, যোগ্য ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানানো হয়।
দাবি আদায়ে আগামী ২১ জুন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং ২২ জুন বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।