জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এ জন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।’ তিনি বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেই এ দাবিতে তাদের দল মাঠে নেমেছে।
গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি যদি দেশের ৭৫ শতাংশ মানুষের মত উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।