খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৫০

খাদ্য অধিদপ্তরের অধীনে ‘সহকারী উপ-খাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৫০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে পরীক্ষা পরিদর্শনে আসা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে পরীক্ষাকেন্দ্রে জালিয়াতির অভিযোগে ৫০ জনকে আটক করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দেশ রূপান্তরকে বলেন, খাদ্য অধিদপ্তরের পরিক্ষার্থীদের মধ্যে কেন্দ্র প্রবেশকালে ২২ জনকে আটক করা হয়। পরে পরীক্ষা চলাকালীন আরও ২৮ জনসহ মোট ৫০ জনকে জালিয়াতির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

তিনি বলেন, পরে ফৌজদারি দ-বিধির ২৪৫ ও ২৫৮ ধারা অনুযায়ী ১৬ জনকে ১ থেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাটারি এবং ছোট আকারের ব্লুটুথ টাইপের ডিভাইস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষার সময় যাদের সন্দেহজনক মনে হয়েছে পরবর্তী সময়ে চেক করে তাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। মোবাইলে মেসেজ পাওয়া গেছে। পরীক্ষার সময় তারা প্রশ্ন স্ক্যান করে পাঠিয়েছে। এরপর বাইরে থেকে সেই উত্তর আসছে। এরপর জালিয়াতির সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রুম থেকে ধরে এনে কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম জানান, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ডিভাইসসহ ২৬ জনকে শনাক্ত করা হয়। এ সময় তাদের মধ্যে ৪ জন পালিয়ে যায়। পরে ২২ জনকে আটক করা হয়। এ ছাড়া পরীক্ষা চলাকালীন আরও ২৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থী ছিলেন।