হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গেও রোগী পাওয়া গেছে এক হাজার ৭৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ১৭৪ জন। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ৯৭ দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১ হাজার ৮৫১ জনে। মৃত্যু হয়েছে ৬৭০ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকি ৫৭৭ শিশুর হামের উপসর্গ ছিল। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯০ হাজার ৯৮২ জন। এখন পর্যন্ত  হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের, একজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪৬০ জন। এর মধ্যে ৪৫ জনের হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৯৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে হামে ৫৭ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪১ জনের। রাজশাহী বিভাগে হামে দুজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৭ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৯ জন, বরিশালে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে দুজনসহ ৫৫ জন, খুলনাতে হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।