ইতিহাস গড়ার স্বপ্ন কুরাসাওয়ের

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে স্বস্তিতে নেই ইকুয়েডর ও কুরাসাও। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে দুই দলই। ঘুরে দাঁড়াতে ও টিকে থাকার লড়াইয়ে কানসাস সিটিতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে ইকুয়েডর-কুরাসাও।

আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারা ইকুয়েডরের জন্য এই ম্যাচটি এখন কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া কুরাসাওয়ের নকআউট পর্বে খেলার খুব বেশি প্রত্যাশা নেই। বরং ইতিহাস গড়ার অপেক্ষায় তারা। একটি জয় অথবা ড্র করে পয়েন্ট অর্জন করতে পারলেই স্বপ্ন পূরণ হবে দলটির। ‘ই’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষের তুলনায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিকেই লক্ষ্য অর্জনের সিঁড়ি ধরে নিয়েছে কুরাসাও। এদিকে একই গ্রুপে আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকায় ইকুয়েডরের জন্য পূর্ণ তিন পয়েন্টের কোনো বিকল্প নেই। পরাজয় বা ড্র হলে শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যদের।