জয়ের স্বস্তির মাঝেই রাফিনহার ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। তবে এই স্বস্তির মাঝেই সেলেসাও শিবিরে হানা দিয়েছে ইনজুরির অস্বস্তি। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনহাকে। তার এই ইনজুরি এখন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিলিয়ান কোচ ও সতীর্থদের।

ম্যাচ চলাকালীন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগায় প্রথমার্ধেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। এই চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হতে রবিবার তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

রাফিনহার এই চোট ব্রাজিল দলকে বেশি ভাবিয়ে তুলছে কারণ এটি তার পুরোনো ইনজুরির জায়গা। এই বছরের শুরুতেই একই ধরণের সমস্যায় ভুগেছিলেন তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়: “হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফরোয়ার্ড রাফিনহা তার ডান উরুর পেছনের মাংসপেশিতে ব্যথা অনুভব করেছেন। খেলোয়াড় ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।”

এর আগে গত মার্চ মাসে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও একই জায়গায় চোট পেয়েছিলেন রাফিনহা। যার কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বার্সেলোনার হয়েও প্রায় এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

ম্যাচ শেষে রাফিনহার ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের অন্য তারকারা। হাইতি ম্যাচের অন্যতম নায়ক ভিনিসিয়ুস জুনিয়র বলেন:

"রাফার এভাবে চোট পেয়ে মাঠ ছাড়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এটা তার আগের বারের সেই একই ইনজুরি। আশা করি এটি খুব বেশি গুরুতর নয় এবং সে আমাদের সাথেই বিশ্বকাপ মিশন ধরে রাখতে পারবে।"

মিডফিল্ডার লুকাস পাকেতাও সতীর্থের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, "আমরা সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত, তবে তার নিজের খারাপ লাগাটাই এখন সবচেয়ে বেশি। আমরা সবাই প্রার্থনা করছি যেন খারাপ কিছু না হয়। এখনো পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আমরা সবাই রাফাকে সমর্থন দিচ্ছি, আশা করি এটি কেবলই একটা সাময়িক ধাক্কা (সস্তির কাঁপুনি) ছিল।"