পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলা হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বান্নু জেলা আফগানিস্তান সীমান্তসংলগ্ন অস্থির উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছাকাছি অবস্থিত।

জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন।

প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের অ্যাম্বুলেন্সে তোলার কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে আরও অন্তত দুজন নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।