সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:১৯ এএম

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে বলেছেন, পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে এর গুরুতর পরিণতি হতে পারে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও সিন্ধু পানি চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করা ভারতের বাধ্যবাধকতা। পাকিস্তানের জনগণকে তাদের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

ইসহাক দারের অভিযোগ, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত একতরফা ও আন্তর্জাতিক আইনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, চুক্তির আওতায় বিরোধ নিষ্পত্তির জন্য সুস্পষ্ট ও শান্তিপূর্ণ প্রক্রিয়া বিদ্যমান থাকলেও ভারত তা উপেক্ষা করছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ জাতিসংঘ সনদের নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব ধরনের দ্বিপক্ষীয় বিরোধ সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষপাতী।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। এ পরিস্থিতিতে দেশটির পানিপ্রবাহ ব্যাহত করা শুধু আন্তর্জাতিক আইন নয়, বিদ্যমান আন্তর্জাতিক চুক্তিরও স্পষ্ট লঙ্ঘন।

ইসহাক দার উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত সিন্ধু নদী অববাহিকায় জলাধার সম্প্রসারণ এবং পানি সরিয়ে নেওয়ার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ নদীর স্বাভাবিক প্রবাহে প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, পানি কখনোই রাজনৈতিক প্রভাব বিস্তার বা চাপ সৃষ্টির মাধ্যম হওয়া উচিত নয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় পানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত