জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও নেই লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান লিটন দাস। এই চোটের কারণে টি–টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের আগে সেরে উঠবেন লিটন। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় টেস্ট ম্যাচটিও খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের এক সদস্য বলেন, 'শুনেছি লিটনের যে চোট, তা থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ বা এরও বেশি সময় লাগে। সে হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হয়তো সে খেলতে পারবে না।'

জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের লড়াই শুরু হবে টেস্ট দিয়ে। হারারের ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন। এ জন্য আগামীকাল রবিবার ও মঙ্গলবার দুই ধাপে দেশ ছাড়বেন টেস্ট দলের সদস্যরা। তবে দলে ডাক পেলেও যাওয়া হচ্ছে না লিটনের।

জানা গেছে, লিটনের পরিবর্তে আরেকজন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলামকে সুযোগ দিতে পারন নির্বাচকরা।