বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সুবিধা করতে পারেননি নিগার সুলতানারা। আজ পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

‎সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ বলে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। জবাবে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েও সানজিদা আক্তার ও নাহিদা আক্তারদের স্পিন তোপে ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

টসের সময় দলটির অধিনায়ক ফাতিমা সানা জানান, এমন ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশকে দেড় শ রানের মধ্যে আটকে রাখতে পারলেই জয়ের ভালো সুযোগ থাকবে তাদের। তবে নাহিদা-সানজিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সে পরিকল্পনা সফল হয়নি পাকিস্তানের।

‎বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। পঞ্চম ওভারে দলীয় ১৩ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় তারা। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির (২২) সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা। পরে তিনিও ৩৮ বলে ৩৬ রান করে আউট হন। মাঝপথে ফেরেন রিতু মনি (৭)। তাতে একসময় বাংলাদেশের দলীয় সংগ্রহ এক শ পার হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়। তবে শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটে। সপ্তম উইকেটে রাবেয়া খানের (৪*) সঙ্গে অবিচ্ছেদ্য ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনি।

‎১২৪ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। তবে বাঁহাতি স্পিনার নাহিদা এই জুটি ভাঙার পর দ্রুত ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর বাংলাদেশি বোলারদের চাপে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং বিভাগ। নাহিদা ১৮ রানে ৩টি এবং সানজিদা ২১ রানে ৩টি উইকেট নেন।

২৫ জুন বাংলাদেশ ভারতের সাথে এবং ২৮ জন দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে।