ফুটবল মাঠে প্রতিপক্ষকে গোপনে গালি বা আপত্তিকর মন্তব্য ঠেকাতে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন এক আইন এনেছে। এই নিয়মের অধীনেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন প্যারাগুয়ের তারকা উইঙ্গার মিগুয়েল আলমিরন। সানফ্রান্সিসকোতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে তুরস্কের মার্ত মুলদুরের সঙ্গে উত্তপ্ত বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন আলমিরন। পরে প্রতিপক্ষের আবেদনের ভিত্তিতে সালভাদরীয় রেফারি ইভান বার্টন ভিএআর রিভিউ দেখে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে ৩২ বছর বয়সী আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। আলমিরনের বিদায়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে এটি প্যারাগুয়ের তৃতীয় লাল কার্ডের ঘটনা। পাশাপাশি, এটি চলতি ২০২৬ বিশ্বকাপের সপ্তম লাল কার্ডের রেকর্ড।