রেড ডেভিলসের বিপরীতে পারস্যের প্রাচীর

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৫৯ এএম

ফুটবল মাঠে আজ ররিবার রাতে হতে যাচ্ছে এক অলিখিত যুদ্ধ। বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের আভিজাত্য বেলজিয়াম এবং লড়াকু ইরান। আন্তর্জাতিক ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে এর আগে কখনোই এই দুই পরাশক্তি একে অপরের মুখোমুখি হয়নি। সম্পূর্ণ নতুন এই দ্বৈরথের আবহকে আরও তপ্ত করে তুলেছে মাঠের বাইরের এক চরম রাজনৈতিক ও লজিস্টিক নাটক।

যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক উত্তেজনার কারণে খোদ বিশ্বকাপের বুকেই অদ্ভুত ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান দল। টুর্নামেন্ট চলাকালে তাদের বেস ক্যাম্প রাখতে হয়েছে মেক্সিকোর টিজুয়ানায়। মার্কিন কর্র্তৃপক্ষের কড়া নিয়মের কারণে ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে তারা আমেরিকায় ঢোকার অনুমতি পাচ্ছে এবং ম্যাচ শেষেই দেশ ছাড়তে হচ্ছে। খোদ ইরানি কোচ আমির ঘালেনোই ক্ষোভ প্রকাশ করে নিজেদের টুর্নামেন্টের ‘সবচেয়ে নিপীড়িত দল’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে ইরান।

তবে এই মানসিক ও শারীরিক ক্লান্তির মধ্যেও মাঠের ফুটবলে ইরান কতটা ভয়ংকর, তা তারা প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ ড্র করে প্রমাণ করেছে। অধিনায়ক মেহেদি তারেমি, রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবিদের নিয়ে গড়া ইরানের আক্রমণভাগ যেকোনো রক্ষণ ভাঙতে প্রস্তুত। বিশেষ করে উইঙ্গে জেরমি ডোকুর গতির বিরুদ্ধে ইরানি ডিফেন্ডার রামিন রেজাইয়ানের লড়াইটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

অন্যদিকে, বেলজিয়ামের ‘রেড ডেভিলস’রা নিজেদের প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেশ ব্যাকফুটে রয়েছে। কোচ রুডি গার্সিয়ার দলে কেভিন ডি ব্রুইনা কিংবা ট্রোসার্ডরা থাকলেও আক্রমণভাগে ধারহীনতা স্পষ্ট। চোট-জর্জর মৌসুম কাটানো রোমেলু লুকাকু এখনো পুরোপুরি ফিট নন; প্রথম ম্যাচে তিনি বদলি হিসেবে নেমে কোনোমতে দলের হার বাঁচিয়েছিলেন। চার্লস ডি কেটেলিয়ারকে দিয়ে লক্ষ্যভেদ করাতে ব্যর্থ বেলজিয়াম এবার ইরানের জমাট রক্ষণ তথা ‘পারস্যের প্রাচীর’ ভাঙতে মরিয়া হয়ে উঠবে।

পরিসংখ্যান বলছে, ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপের শেষ ১৬টি গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে বেলজিয়াম হেরেছে মাত্র একটিতে (২০২২ সালে মরক্কোর বিপক্ষে)। আবার বিশ্বকাপে এশিয়ান দলগুলোর বিপক্ষে তাদের রেকর্ড দুর্দান্ত হলেও, একমাত্র হারটি এসেছিল এই আমেরিকার মাটিতেই, ১৯৯৪ বিশ্বকাপে সৌদির কাছে সেই ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল বেলজিয়াম। অন্যদিকে ইউরোপীয় জুজু কাটানোর মিশন ইরানের। বিশ্বমঞ্চে ইউরোপের দলগুলোর সামনে পড়লেই ইরানকে বেশ ভুগতে হয়েছে। ২০২২ বিশ্বকাপের আগে পর্যন্ত ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলা নিজেদের প্রথম ৮টি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা (৬টি হার ও ২টিতে ড্র)। তবে গত কাতার বিশ্বকাপে নিজেদের ৯ম ম্যাচে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারিয়ে তারা সেই দীর্ঘ চার দশকের জয়হীন থাকার বৃত্ত ভেঙেছিল। বেলজিয়ামের বিপক্ষে তারা এখন সেই ইতিহাস বদলানোর ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।

গ্রুপ ‘জি’-এর সমীকরণ এখন জটিল, সব দলের পয়েন্টই সমান ১। সেখানে এবার পারস্যের প্রাচীর ভেঙে বেলজিয়াম শেষ ৩২ এর রাস্তা মসৃণ করবে, নাকি সব বাধা পেরিয়ে ইরান নতুন ইতিহাস লিখবে; আটলান্টার পর এবার লস অ্যাঞ্জেলেসের চোখ সেই রোমাঞ্চের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত