বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। যেটা তার পিতা এবং মা চেয়েছিলেন। আমরা যারা তার সঙ্গে কাজ করছি তারা দেখছি, তিনি একজন কাজপাগল মানুষ। তিনি দিন-রাত কাজ করেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে এক অনুষ্ঠানে জামায়াত প্রসঙ্গে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে সত্যিকার অর্থে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বাংলাদেশকে দেখে বিশ্বের মানুষ বলবে এই দেশটা অনেক দূর এগিয়ে গেছে। আজকে মুন্সীগঞ্জে আমরা অনেকগুলো সমস্যা দেখেছি। আমরা চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। আমরা এখানকার অবকাঠামোগত সমস্যার সমাধান করব।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আব্দুল সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ্, সিলেট-২ আসনের এমপি মোছা. তাহসিনা রুশদীর, সংরক্ষিত নারী আসনের এমপি মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো ও সানজিদা ইসলাম, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার মোল্লারচর কাঠেরপুল পরিদর্শন ও পরে উত্তর ইসলামপুর কবরস্থানে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় মোল্লারচর কাঠেরপুলের স্থানে সেতু নির্মাণের আশ্বাস দেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না। আর বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়া সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।
তার আগে সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। পরে তিনি উপজেলার কালীগাছতলা গ্রামের ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।