যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে। খবর এএফপি। 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামানোর লক্ষ্যেই এই দুই দেশের মধ্যে আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা।

গতকাল শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা ইরানের প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানায়। মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে তেহরানের প্রতিনিধিদলের সুইজারল্যান্ডে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বৈঠককে ঘিরে বুর্গেনস্টক রিসোর্টে এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, এই প্রস্তুতিমূলক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।