চুক্তি না হলে হরমুজ প্রণালীতে টোল আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করেছেন বলে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এই গুরুত্বপূর্ণ জলপথে টোল বা ফি আরোপের হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প শনিবার তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র 'গার্ডিয়ান অ্যাঞ্জেল' হিসেবে যে নিরাপত্তা ও সেবা দিয়ে আসছে, তার বিনিময়ে এই ফি আদায় করা হতে পারে।

তিনি বলেন, যদি ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে চূড়ান্ত সমঝোতা না হয়, তাহলে হরমুজ প্রণালী ব্যবহারে টোল আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে।

তিনি আরও বলেন, এই সময়কালে অর্থাৎ ৬০ দিনের যুদ্ধবিরতিতে প্রণালীতে কোনো ধরনের টোল থাকবে না। তবে সময়সীমা শেষ হলেও টোল না নেওয়ার বিষয়টি নির্ভর করবে চূড়ান্ত চুক্তির ওপর।

অন্যদিকে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, প্রথম ৬০ দিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল টোল-মুক্ত রাখার কথা বলা হয়েছে। এ সময় ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলো একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণ করবে বলে উল্লেখ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই কাঠামো ভবিষ্যতে প্রণালী ব্যবহারে ফি আরোপের সুযোগ তৈরি করতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে প্রণালীটি টোল-মুক্তই থাকবে।