সকালে খালি পেটে আদা পানি খেলে যেসব উপকার পাওয়া যায়

স্বাস্থ্যের জন্য আদার পানি বেশ উপকারী। প্রাচীনকাল থেকেই নানা ধরনের ভেষজ চিকিৎসায় আদা ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন যদি সকালে খালি পেটে এ পানীয় খাওয়া হয় তবে শরীরে একাধিক উপকারিতা পাওয়া যায়।

আসুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে আদার পানি খাওয়ার উপকারিতা-

আদা হজমে সাহায্য করে এবং পাকস্থলীতে গ্যাস বা অম্বলের সমস্যা কমায়। সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব থাকলে এই মশলার পানি তা কমাতে সাহায্য করতে পারে।

আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। নিয়মিত আদার পানি খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

আদা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর, যা শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। আদা শরীরের মেটাবলিজম বাড়ায় এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভব করায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
 
তবে এ বিষয়ে কিছু সতর্কতা আছে-

অতিরিক্ত আদা খেলে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা হতে পারে। যাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়, তাদের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। গর্ভবতী নারীরা নিয়মিত আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

এবার আসুন আদার পানি তৈরির উপায় জেনে নেই-
 
উপকরণ-
১ থেকে ২ ইঞ্চি আদা কুচি করে কাটা বা থেঁতো করে নিতে হবে, সাথে ১ কাপ পানি।
 
পদ্ধতি-
পানি ফুটিয়ে তাতে আদা দিয়ে দিন। ৫ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে হালকা গরম থাকতেই খালি পেটে খেয়ে নিলে উপকার পাওয়া যাবে।