চন্দনাইশে কৃষি প্রণোদনার উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন

চট্টগ্রামের চন্দনাইশে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচের বীজ, সার, নারিকেল ও লেবুর চারা, ঔষধি চারা, জৈব সার এবং খুঁটি বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার বিভিন্ন সড়কে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ ছাড়া একই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, রোগীকল্যাণ সমিতিতে ওষুধ এবং কিশোর-কিশোরী ক্লাবগুলোতে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

শনিবার (২০ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। এ সময় তিনি কৃষি প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়সহ অন্যান্য কর্মকর্তা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।