বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগামী ডিসেম্বর মাসে এক জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর উচ্চ বিদ্যালয়। দীর্ঘ পথচলার এই বিশেষ মাইলফলকটি স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবকে সফল ও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে ইতিমধ্যে গঠন করা হয়েছে উদযাপন পর্ষদ, উপদেষ্টা পর্ষদ ও সমন্বয়ক পর্ষদ।

অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত উদযাপন পর্ষদে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সৈয়দ আব্দুল আউয়াল নান্না। ৫০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই পর্ষদে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন শাব্বির হোসেন মনি। এছাড়া উৎসবের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৪টি পৃথক উপ-পর্ষদ কাজ করবে।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে গঠিত সমন্বয়ক পর্ষদের প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। অন্যদিকে, ১৯৫৪ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ৩০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত উপদেষ্টা পর্ষদের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

সম্প্রতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত ১১তম প্রস্তুতি সভায় এই পর্ষদগুলোর নাম ঘোষণা করা হয়। প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক পর্ষদের সদস্যরা উৎসব প্রস্তুতির রূপরেখা তুলে ধরেন। দুই দিনের এই উৎসবকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।