কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে জেলার বাইপাস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫)। আনিসের বাড়ি ফরিদপুর জেলায় ও সহকারী রতনের বাড়ি কুষ্টিয়ার সদরে মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকান্দার আলী জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে নিয়ে খুলনা যাওয়ার পথে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এ সময় ট্রাকটি আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে। 

এদিকে হেলপারের মরদেহ পাথরের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।