কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনির মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনির মৃত্যু হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত