লালমোহনে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার আলম সুপার মার্কেট-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে একটি গুদাম তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে মালিকপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পলিথিন ধ্বংসের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশের ক্ষতি রোধ এবং পলিথিনের অবৈধ ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।