বরিশালে ৩ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

বরিশালে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বরিশাল সদর থানাধীন বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশাল ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে বাজার রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউন দুটিতে মজুত করা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

পরে সেখান থেকে প্রায় ৩ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা নিষিদ্ধ পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বিক্রি বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত