'ইয়ামাল মেসি নয়, মাইকেলাঞ্জেলো', স্পেনের কোচ

লিওনেল মেসি কিংবা ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের তুলনা করাটা একটা ‘মস্ত বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে। একই সঙ্গে, চলতি বিশ্বকাপে আজ রবিবারের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এই তরুণ উইঙ্গার মূল একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করতে রাজি হননি তিনি।

গ্রুপ ‘এইচ’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হচ্ছে স্পেন। এর আগে কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেই ম্যাচে বদলি হিসেবে শেষের দিকে কিছুটা সময় মাঠে ছিলেন ইয়ামাল।

শনিবার এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা ও মেসির সঙ্গে ইয়ামালের তুলনা প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন: "ইয়ামালকে কারো সঙ্গে তুলনা করাটা ভুল হবে। ওর বয়স মাত্র ১৮ বছর, ও এখনো শিখছে এবং পরিপক্ব হয়ে উঠছে। আমাদের উচিত ওকে ওর নিজের মতো করে এগিয়ে যেতে দেওয়া।"

তবে ইয়ামালের ভেতরের বিশেষ প্রতিভার প্রশংসা করতেও ভোলেননি ডি লা ফুয়েন্তে। তিনি বলেন, "এই ধরনের খেলোয়াড়রা একটু ভিন্ন ধাঁচের হয় এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। তারা সালভাদর দালি কিংবা মাইকেলাঞ্জেলোর মতো জিনিয়াস। আমাদের কাছে যা অসাধারণ মনে হয়, তাদের কাছে সেটা খুবই স্বাভাবিক।"

গত এপ্রিল মাসে পেশির চোটে পড়া ইয়ামাল সম্প্রতি নিজেই স্বীকার করেছেন যে, এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো ম্যাচ ফিটনেস তার তৈরি হয়নি।

সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল শুরু থেকে খেলবেন কি না—এমন প্রশ্নে কোচের উত্তর, "আমরা বিষয়টি মূল্যায়ন করে দেখছি। সবচেয়ে ভালো খবর হলো ও দলে আছে এবং ভালো ছন্দে আছে। ও ৫৫, ৫৮ নাকি ৬৩ মিনিট খেলবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। দলের জন্য এবং ওর নিজের জন্য কোনটা ভালো, সেটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মাঠেই তা দেখতে পাবেন।"

কেপ ভার্দের মতো দলের বিরুদ্ধে ড্র করায় স্প্যানিশ মিডিয়ায় বেশ সমালোচনা চলছে। তবে দলে কোনো ‘অস্থিরতা বা আতঙ্ক’ নেই জানিয়ে ডি লা ফুয়েন্তে বলেন, "দল কিছুটা ধাক্কা খেয়েছে সত্যি, তবে কখনো কখনো সমালোচনাই সেরা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। খেলোয়াড়রা সবকিছু দেখছে, তাদের মনে জেদ চেপেছে। নিশ্চিতভাবেই আজকের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হবে।"