চট্টগ্রাম শিল্প এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

চট্টগ্রাম নগরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বোরহান বাহিনীর সদস্যরা প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) দুপুরে চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার একটি শিল্প কারখানার সামনে পাঁচজনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। পরে তারা ওই প্রতিষ্ঠানে ঢোকার আগে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপদ স্থানে সরে যান।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে করে ‘সন্ত্রাসী’ বোরহান বাহিনী সদস্যরা সক্রিয়।

বোরহানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তদন্তে কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।