রাউজানে ডাকাত আলম–আজিজ বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় ডাকাত জানে আলম ও আজিজ বাহিনীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আলম ও আজিজ পালিয়ে গেলেও তাদের দিলদার নামে এক সহযোগীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে পুলিশের একটি দল ভোমরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী আলম ও আজিজের অবস্থান শনাক্ত করে তাদের আটকের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে আলম ও আজিজ সেখান থেকে পালিয়ে যান। অভিযানকালে আলমের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ আটক করেছিল পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আলম ও আজিজ বাহিনীর সদস্যরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলমের প্রতিপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত