নকআউটের স্বপ্ন কেপ ভার্দের, প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা

শুরুতে শক্তিশালী স্পেনের পর এবার উরুগুয়ের মতো পরাশক্তিকে রুখে দিয়ে আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভাভার্দে এখন বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার এক ঐতিহাসিক সমীকরণের সামনে দাঁড়িয়ে।

৪৮ দলের এই বিশ্বকাপে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোরও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। উরুগুয়ের সাথে ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে কেপ ভার্দে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে আছে দ্বিতীয় স্থানে এবং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌদি আরব।

আগামী ম্যাচগুলোর দিকে তাকিয়ে কোচ বুবিস্তা বলেন, "বিশ্বমানের দুটি দলের বিরুদ্ধে আমরা যা করেছি, তাতে আমাদের এখন নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য রাখাটাই যৌক্তিক। তবে আমরা জানি, এই গ্রুপের যেকোনো দলেরই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।"

গ্রুপের শেষ রাউন্ডে স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং সর্বশক্তির সৌদিকে কেপ ভার্দে হারায়, এমনকি ড্রও করে, তবে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউটে যাবে কেপ ভার্দে। তেমনটা হলে গ্রুপ জের চ্যাম্পিয়ন (যদি হয়) আর্জেন্টিনার সাথে খেলা পড়বে তাদের।

তবে স্পেনের পর উরুগুয়ের মতো দলের সাথে ড্র করলেও খেলোয়াড়দের মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন বুবিস্তা। সৌদি আরবের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ নিয়ে সতর্ক করে তিনি বলেন, "তাদের মাটিতে পা রাখতে হবে। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচটিও কঠিন হবে, কারণ তাদেরও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা অবশ্যই জেতার জন্য খেলব।"

বুবিস্তা জোর দিয়ে বলেছেন, তার দলের লক্ষ্য শুধু ফুটবল মাঠের ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়।

"আমরা এখানে পুরো বিশ্বের কাছে আমাদের দেশকে তুলে ধরতে এসেছি। এটি কেবল আমরা কেমন ফুটবল খেলি তা নিয়ে নয়; এটি আমাদের সংস্কৃতি, আমাদের সংগীত, আমাদের ইতিহাস এবং আমাদের সমর্থকদের গল্প। আমরা চাই বিশ্বের মানুষ কেপ ভার্দেকে চিনুক এবং আমাদের জনগণের আসল পরিচয় জানুক।"

 ‘গুরু’ বিয়েলসাকে শ্রদ্ধা

ম্যাচের আগে উরুগুয়ের ৭০ বছর বয়সী কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসাকে কেপ ভার্দের পক্ষ থেকে একটি বিশেষ উপহার দেন বুবিস্তা। বিয়েলসার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, "আমার এবং বিশেষ করে আফ্রিকার অনেক কোচের কাছে বিয়েলসা একজন ‘মাস্টার’ (গুরু)। আমরা ক্যারিয়ারজুড়ে তার কৌশল নিয়ে পড়াশোনা করেছি। ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"