আড়াইহাজারে মাদকসেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসেবনের অপরাধে মো. রিপন নামে এক যুবককে অর্থদণ্ডসহ সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের পরিচালাক আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. রিপন (৩২) ওই এলাকার বেদন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত জানান, প্রভাকরদী বাজার এলাকায় নিয়মিত তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. রিপন মাদকসহ ধরা পড়ে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে মো. রিপনকে ২০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।