ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় ইরানি তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার একটি খসড়া চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন ইরানের আলোচক দলের সদস্য হোসেইন ঘোরবানজাদেহ।

রবিবার (২১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের বাকি ধারাগুলো কার্যকর হবে না, যদি না লেবাননের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি চূড়ান্ত সমাধান অর্জিত হয়। 

ঘোরবানজাদেহ জানান, সুইজারল্যান্ডের আলোচনায় মূল বৈঠকের পাশাপাশি পৃথক কারিগরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বিভিন্ন প্রযুক্তিগত ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তিনি বলেন, 'কারিগরি পর্যায়ের আলোচনার ফল হিসেবে ইরানি তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করার বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে।'

এ ছাড়া কাতারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইরানের জব্দ থাকা সম্পদ মুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রবিবার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্পাদিত সমঝোতা স্মারকের ভিত্তিতে অনুষ্ঠিত এই আলোচনা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসানের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।