মার্কিন টিভি সিরিয়ালের শক্তিমান অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবের শীর্ষস্থানীয় গণমাধ্যম 'সৌদি গ্যাজেট'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এই খবর জানিয়েছেন। আল-শেখের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এসপোসিটো একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে শাহাদা পাঠ করেন এবং এরপর নিজের প্রোডাকশন টিমের অন্যান্য মুসলিম সদস্যদের সাথে জামাতে নামাজ আদায় করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে প্রোডাকশন টিমের সদস্যদের সাথে প্রার্থনারত অবস্থায় দেখা গেছে।
সৌদি গ্যাজেট জানায়, বর্তমানে 'সেভেন ডগস' নামের একটি বড় বাজেটের সিনেমার শুটিংয়ের কাজে এসপোসিটো সৌদি আরবে অবস্থান করছেন। তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে কাজ করার সময় সেখানকার স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং প্রোডাকশন টিমের মুসলিম সহকর্মীদের সাথে তাঁর নিবিড় আলাপচারিতা হয়। শুটিংয়ের সময় স্থানীয়দের আতিথেয়তা এবং তাদের ইতিবাচক জীবনাচরণ এই অভিনেতার মনে গভীর প্রভাব ফেলে, যা তাঁকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করে। এসপোসিটো নিজেও সেখানকার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চলচ্চিত্র ও টেলিভিশন জগতে জিয়ানকার্লো এসপোসিটোর ক্যারিয়ার কয়েক দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য। বিশেষ করে 'ব্রেকিং ব্যাড', এর স্পিন-অফ 'বেটার কল সল', এবং 'দ্য ম্যান্ডালোরিয়ান'-এ তাঁর অনবদ্য অভিনয় তাঁকে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা এবং একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন এনে দিয়েছে।