নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এক বাড়ীতে ডাকাতি করার পর তৃতীয় দিনের মাথায় আবারো ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন- গৃহকত্রী নুরজাহান, ভাড়াটিয়া মুনমুন, তামিম এবং মুশফিক। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আক্রান্তরা জানায়, রাত ২টার দিকে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত মানেহর গ্রামের ব্যবসায়ী মোতালিবের বাড়ির মেইন গেইটের তালা কেটে এবং র্যালিং টপকে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মোতালিব এবং তার বাড়ির ভাড়াটিয়া মুশফিকের পরিবারের সকল সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ ৭০ হাজার টাকা, একটি আই ফোনসহ ৫টি মোবাইল ফোন এবং আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় ধস্তাধস্তির সময় ডাকাত দলের এক সদস্য পাঁচগাও চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আরমান ওরফে বাবুকে (২৫) চিনে ফেলে গৃহকর্তা। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে গৃহকর্তার দেয়া তথ্য মতে পুলিশ আরমান বাবুকে গ্রেপ্তার করে। ওই সময় গ্রেপ্তার আরমান বাবুর শরীর কাঁদা মাখা ছিল বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন আরমান বাবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।