দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে: পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে—যার মধ্যে ৫ হাজারই অবৈধ। এসব অবৈধ ইটভাটা নিয়ে সরকার কাজ করছে। সবার সঙ্গে আলোচনা করে এ সমস্যা থেকে উত্তরণের পথ বের করা হবে। কারণ ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ।

সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখনও ইটের শতভাগ বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। বিগত সরকারের সময়েও এ বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা হলেও তা পূরণ হয়নি। এছাড়া শিল্পকারখানায় ইটিপি ব্যবহার না করা এবং যানবাহনের ধোঁয়াও পরিবেশ দূষণের বড় কারণ।’

তিনি আরও বলেন, ‘দূষণের উৎসগুলো চিহ্নিত করে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আশা করি, আগামী বছরের মধ্যে পরিবেশ পরিস্থিতিকে কিছুটা হলেও স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে আসতে পারব।’

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত আট দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত