অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা রুখতেই দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা একটি অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। এই বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর বাইরে অপতৎপরতা মোকাবিলার জন্য ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েনের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বাড়াতে হয়। তবে দেশে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো বিগত সময়ের চেয়ে অনেক ভালো রয়েছে এবং কোনো ধরনের অবনতি ঘটেনি বলেও তিনি দাবি করেন।

জামায়াতসহ ১১ দলের সমাবেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে। তারা তাদের কথা বলবে, তাদের সে স্বাধীনতা আছে। আমরাও আমাদের কথা মাঠে বলবো।