গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণে জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ধৈর্য ধরছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও শিল্পের কাঠামোগত সমস্যা নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি গোপালগঞ্জের পরিস্থিতিও তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে আগুন দেওয়া এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করা হবে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদেরও চিহ্নিত করার মতো রেকর্ড, ভিডিও ফুটেজ ও অডিও সরকারের কাছে রয়েছে। আজ হোক বা কাল, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে গ্রামে গ্রামে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাড়ি ও দলীয় কর্মী-সমর্থকদের দোকানপাটে হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার চায় না অতীতের মতো রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হোক। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা ধৈর্য ধরলেও একজন নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া কিছু দুষ্কৃতকারীর ফাঁদে পা দেওয়া যাবে না। সরকার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে। তবে নাশকতা ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। নিরীহ মানুষের জীবন-সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদ ও দেশবাসীকে জানানো প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় আর বসে থাকার সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে সংসদের আলোচনা অন্যদিকে সরিয়ে নেওয়া উচিত হবে না। তার অভিযোগ, একটি গোষ্ঠী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি যে কোনো রূপে ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগ: তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকপক্ষ আগেই তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিকপক্ষ দুই সপ্তাহ পর প্রতিনিধির নাম দেয়। এরপর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের কার্যক্রম ও ন্যূনতম মজুরি নির্ধারণের সময়সীমা এখনো শেষ হয়নি।
তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টিকে সামনে রেখে দেড় মাস আগে থেকেই একটি পক্ষ শ্রমিক অসন্তোষ উসকে দিয়েছে। উত্তরখান ও দক্ষিণখান এলাকায় এয়ারপোর্ট সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। সরকার ও পুলিশ শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
শ্রমিকদের দাবির প্রতি সরকারের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রমিক অধ্যুষিত এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এসব হাসপাতালের প্রকল্প প্রণয়নের কাজ চলছে।
মালিকদের প্রতি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও গত পাঁচ বছরের মজুরি বৃদ্ধির হিসাব বিবেচনায় নিয়ে এমন মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকদের জীবন নির্বাহে কষ্ট না হয়।
পোশাকশিল্পে সংকট মোকাবিলায় টাস্কফোর্সের প্রস্তাব: আলোচনায় তৈরি পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাবও দেন তিনি।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশের জোগান দেয়। এ খাতে সংকট দেখা দিলে মালিক ও শ্রমিকের পাশাপাশি ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন বন্ধ হলে মালিকদের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এতে কারখানা বন্ধ, কর্মসংস্থান হারানো ও সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়বে।
জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনও এ খাতের সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্ট-সেপ্টেম্বরে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল এবং ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ছয় মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।
নাজিবুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় চার কোটি মানুষের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। তাই শ্রমিক অসন্তোষের পাশাপাশি জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর: আলোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরুর অনুমতি ও বিভিন্ন ছাড়পত্র পেতে আগে গড়ে ৩৫৫ দিন লাগত। সরকার তা ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের আয় বাড়ানো প্রয়োজন। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি শিল্পের সুরক্ষাও জরুরি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডকে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যা শ্রমিকরা ১ জানুয়ারি থেকে পাবেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমানের উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া সর্বশেষ মজুরির মেয়াদ চলতি ডিসেম্বর মাসে শেষ হবে। এর আগেই গত অক্টোবর মাসে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। গত ২৭ অক্টোবর সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটির আনুষ্ঠানিক বৈঠকে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। ১ নভেম্বর থেকে মজুরি বোর্ড কার্যকর হয়েছে। ডিসেম্বরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যা শ্রমিকরা ১ জানুয়ারি থেকে পাবেন।
গার্মেন্টস শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের পথ অনুসরণ করে বর্তমান সরকারও এ শিল্প রক্ষায় সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে ডিরেগুলেশন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ব্যয় সাশ্রয় এবং চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলাফল দ্রুতই দেখা যাবে।
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন করার অধিকার রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা মাঠে নেমেছেন। তাদের অসন্তোষ ও কষ্টের বিষয়টি সরকার জানে এবং সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে পতিত শক্তি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে চাইলে সবাইকে সতর্ক থাকতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার তাদের আন্দোলনের সঙ্গে ছিল এবং ন্যায্য দাবি পূরণে উদ্যোগ গ্রহণ করেছে। তবে শিল্প টিকে না থাকলে শ্রমিকদের স্বার্থও রক্ষা করা সম্ভব হবে না। বাংলাদেশের গার্মেন্টস শিল্প বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ সময় পার করছে। আন্তর্জাতিক বাজারে অনেক প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ শিল্পকে টিকে থাকতে হচ্ছে। এ জন্য শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো পক্ষ যেন দেশের শিল্প ধ্বংস করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শিল্প রক্ষা করাও শ্রমিক আন্দোলনের একটি জরুরি কাজ। শিল্প টিকে থাকলে শ্রমিক বাঁচবে, শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে। এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ