তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ

আরও তীব্র তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। চলতি সপ্তাহজুড়ে পশ্চিম ইউরোপে অস্বাভাবিক গরমের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সে শত শত স্কুল বন্ধ এবং বেলজিয়ামে কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে এটি পশ্চিম ইউরোপে দ্বিতীয় বড় তাপপ্রবাহ। জলবায়ু বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

ফ্রান্সে ৪৯টি অঞ্চলে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ এবং ৪০টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। তাপপ্রবাহের কারণে সোমবার ৮৪৫টি স্কুল বন্ধ রাখা হয়েছে এবং আরও প্রায় ১ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সংক্ষিপ্ত করা হয়েছে।

স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যেও উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। বেলজিয়ামে দিনের সবচেয়ে গরম সময়ে কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে, আর নেদারল্যান্ডসে সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে বুধবার ও বৃহস্পতিবারের জন্য ‘অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং’ জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহ জনস্বাস্থ্য, অবকাঠামো ও জরুরি সেবার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং বালকান অঞ্চলের কয়েকটি দেশেও সপ্তাহজুড়ে তীব্র গরম অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।