লটারিতে নির্ধারণ হবে নতুন শিক্ষকদের পদায়ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এখন থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য গঠিত জেলা কমিটির ওপর। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্যসচিব করে গঠিত বিশেষ কমিটি সরাসরি নতুন শিক্ষকদের পদায়নের বিষয়টি তদারকি করবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ের এ কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবেন। কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে এবং পদায়নে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই লটারি পদ্ধতি অনুসরণের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকছেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটি প্রতি মাসে ন্যূনতম একবার সভা আহ্বান করে পদায়ন ও বদলি সংক্রান্ত এসব বিষয় পর্যালোচনা করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)-এর কার্যালয়ে পাঠাবেন।

জনস্বার্থে জারি করা এ নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।