প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করেছেন প্রায় ৩ লাখ পরীক্ষার্থী। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করেছিলেন। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনর্নিক্ষণের আবেদনের সুযোগ রয়েছে।
আর সেই সুযোগে এবার সারা দেশের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী পুনর্নিক্ষণের জন্য আবেদন করেছেন। তাদের আবেদনের ভিত্তিতে এবার ১০ লাখ ৮৭ হাজার ১১৪টি উত্তরপত্র নিরীক্ষণ করা হবে। এই নিরীক্ষণের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হতে পারে।
আন্তশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পুনর্নিক্ষণের জন্য আবেদনকৃত উত্তরপত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্র নিরীক্ষণ করতে হবে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডের ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র দ্বিতীয় দফায় নিরীক্ষণ করা হবে। এছাড়া কুমিল্লা বোর্ডের ৯২ হাজার ৭৭৬টি, রাজশাহী বোর্ডের ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডের ৯৭ হাজার ৬১৮টি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ লাখ ১৭ হাজার ৭০০টি, বরিশাল বোর্ডের ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডের ৫১ হাজার ২৪৩টি, দিনাজপুর বোর্ডের ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডের ৭১ হাজার ৭৬২টি, মাদরাসা বোর্ডের ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
সবচেয়ে বেশি আবেদন ইংরেজি ও আইসিটিতে
এবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন দুই আবশ্যিক বিষয় ইংরেজি ও আইসিটিতে। এই দুই বিষয়ে সারা দেশের ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী ফেল করেছেন। ফলে স্বাভাবিকভাবেই আবেদনও বেশি জমা পড়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপাত্তে দেখা যায়, এই বোর্ডের ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজি উত্তরপত্র রয়েছে ২৩ হাজার ৭৩২টি (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং আইসিটিতে রয়েছে ১২ হাজার ২০১টি; অন্যান্য বিষয়ে সংখ্যাটি বেশ কম। একই চিত্র দেখা যায় বরিশাল শিক্ষা বোর্ডেও। বোর্ডের ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজিতে (প্রথম ও দ্বিতীয় পত্র) ১৩ হাজার ৭২৬টি এবং আইসিটিতে ৪ হাজার ৪৯৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ডের ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের মধ্যে ইংরেজিতে পুনর্নিরীক্ষণ করা হবে ৮৪ হাজার ৪টি (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং আইসিটিতে ৩৮ হাজার ৭৫টি উত্তরপত্র।
ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, 'প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি ও আইসিটি বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে। স্বাভাবিকভাবেই এই দুই বিষয়ে পুনর্নিক্ষণের জন্য বেশি আবেদন জমা পড়েছে এবং অন্যান্য বিষয়ে তুলনামূলক কম আবেদন পড়েছে।'
একই মন্তব্য করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শরীফ মোরশেদ রেজা। তিনি বলেন, 'সারা দেশের মতো আমাদের বোর্ডেও ইংরেজি ও আইসিটি বিষয়ে বেশি আবেদন জমা পড়েছে। এছাড়া বাংলা, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত ও পৌরনীতি বিষয়েও উল্লেখযোগ্য আবেদন জমা পড়েছে।'
পুনর্নিদর্শনে নম্বর কমবে না
পুনর্নিক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের প্রাপ্ত ফলাফলের কোনো অবনমন হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, 'পুনর্নিদর্শনে বা পুনর্মূল্যায়নে কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কমানো হবে না। তবে কম নম্বর পেলে তাকে প্রাপ্য নম্বর দেওয়া হবে।'
এ সময় মূলত কোন কোন বিষয়গুলো দেখা হয়, তা জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, 'কোনো শিক্ষার্থীর উত্তরপত্রের সব উত্তর মূল্যায়ন হয়েছে কিনা, কোনো প্রশ্নের উত্তরে যথার্থ প্রাপ্য নম্বর থেকে কম দেওয়া হয়েছে কিনা—যদি কম নম্বর দেওয়া হয়ে থাকে তবে প্রাপ্যতা অনুযায়ী নম্বর নিশ্চিত করা, পরীক্ষক কর্তৃক প্রাপ্ত নম্বরের ঘরে বৃত্ত ভরাট বা অন্য কোনো ভুল হয়েছে কিনা—তা যাচাই করে প্রাপ্য নম্বর নিশ্চিত করা হয়ে থাকে।'
কারা আবেদন করেছেন?
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে পুনর্নিক্ষণের আবেদন করার সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফল পাননি বলে মনে করেছেন, তারা এই আবেদন করেছেন। এর মধ্যে অনেক শিক্ষার্থী এক বা একাধিক বিষয় কিংবা সব বিষয়েও পুনর্নিক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, 'শুধু ফেল করা শিক্ষার্থীরাই নয়, পাস করা এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেও পুনর্নিক্ষণের জন্য আবেদন করে থাকে। অর্থাৎ ফেল করা শিক্ষার্থী যদি মনে করে সে পাস করবে, তবে সে আবেদন করবে। আবার কোনো শিক্ষার্থী একটি বিষয়ে ৮৫ নম্বর পেয়েছে, কিন্তু তার মনে হলো সে ৯৫ পাওয়ার যোগ্য—তাহলে সেই শিক্ষার্থীও আবেদন করতে পারে। তবে অধিকাংশ আবেদনকারীই ফেল করা শিক্ষার্থী।'
বিভিন্ন শিক্ষা বোর্ডের সাবেক ও বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছরই পাবলিক পরীক্ষার ফলাফলে অনেক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়। কারও জিপিএ পরিবর্তিত হয়, আবার কারও শুধু এক বা দুই বিষয়ের নম্বর বদলালেও জিপিএ অপরিবর্তিত থাকে।
সরকারের পক্ষ থেকে এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এবারই প্রথমবারের মতো এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এক ও দুই বিষয়ে যেসব শিক্ষার্থী ফেল করেছিলেন, তারা যদি পুনর্নিক্ষণের ফলাফলে কাঙ্ক্ষিত ফল পেয়ে যান, তবে হয়তো আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সম্পূরক পরীক্ষায় অংশ নেবেন না।
এক ও দুই বিষয়ে ফেল করা সারা দেশে ৫ লাখ ১৪ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থী রয়েছে, যারা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।