ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষেèৗর একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আলিগঞ্জ এলাকার এই কোচিং সেন্টারটি যথেষ্ট জনপ্রিয়। তিন তলা ওই ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকানসহ অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
প্রাথমিকভাবে আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শটসার্কিট বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। ঘটনাস্থলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।