ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। ফিলাডেলফিয়ার ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি চরম আবহাওয়া ও বজ্রঝড়ের কারণে প্রথমার্ধের পর প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। 

নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ম্যাচের ১৪ এবং ৫৪ মিনিটে দুটি দুর্দান্ত গোল করেন। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ১৬-তে পৌঁছায়, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমকক্ষ করে তুলেছে। 

এর পর ম্যাচের ৬৬ মিনিটে মাইকেল ওলিসের চমৎকার পাস থেকে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন ওসমান দেম্বেলে। 

প্রথমার্ধে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে থাকার পর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা ২ ঘণ্টা ১৫ মিনিট স্থগিত রাখতে হয়।এরপর মাঠের পানি পরিষ্কার করে পুনরায় খেলা শুরু করা হয়। 

এই টানা দ্বিতীয় জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ 'আই' থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিল দিদিয়ের দেশমের দল। 

অন্যদিকে প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে হারা ইরাকের জন্য নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখা এখন বেশ কঠিন হয়ে দাঁড়াল।