চীনের দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
সেখানে আরও উল্লেখ করা হয়, আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এরপর চীন।