বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৩১ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে আজ রবিবার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যা দেশের কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সংযোগ বৃদ্ধির একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরসঙ্গী প্রতিনিধিদলটি এবার বেশ ছোট রাখা হয়েছে, যেখানে মাত্র ২৭ থেকে ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

চীন সফরের মূল আকর্ষণ হিসেবে থাকছে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা রাখা হয়েছে এবারের সফরে। এসব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ খাতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে আয়োজিত ‌‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন, যা ‘সামার দাভোস ফোরাম’ হিসেবে পরিচিত। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যের এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেখানে প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া পর্বে শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণ এবং চীন পর্বে প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সফল আলোচনা শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত