কাঁঠাল মাথায় পড়ে ঢাবি মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক মালি মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুনীল চৌহান জানান, তারা রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন। সকালে হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের উপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে একটি গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় সেটাই অন্য একটি গাছের কাঁঠালের উপর পড়ে। তখন অন্য গাছের কাঁঠালটি তার ঠিক মাথার উপর পড়ে। এতে পাকা ফ্লোরের উপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

সঙ্গে সঙ্গে ছিয়াকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনরা জানান, তার বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। বর্তমানে থাকতেন ঢাবির শহিদুল্লাহ হলে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তে বাদে স্বজনরা নিয়ে গেছেন।