রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যুবক মৃদল খান (২২)।
গত রবিবার যুদ্ধে মাইন বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মৃদল খান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের সাঈদ খানের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃদলের বাবা মো. সাঈদ খান জানান, উন্নত জীবনের আশায় এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। তবে দীর্ঘ চেষ্টা করেও ইউরোপের ভিসা না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে চলতি বছর জানুয়ারির ২৯ তারিখে সে রাশিয়ায় যায়।
সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে পরিবারের দাবি।
সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার সময় ড্রোন হামলায় তার মৃত্যু হয়। প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত একই উপজেলার এলেঙ্গার মাইনে পা হারানো মৃদল হাসান মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন।
মৃদলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এদিকে, নিহত মৃদলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।