চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মাওলানা আরিফুর রহমানের কন্যা।
জানা যায়, চুনতি এলাকায় দুটি দূরপাল্লার যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন যাত্রী মারাত্মক আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাত মারা যান।
নিহত সুরাইয়া জান্নাতের নিকট আত্মীয় মনসুর আলম বলেন, চকরিয়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সে দুর্ঘটনার শিকার হন এবং মারা যান। সে চট্টগ্রামে কলেজে পড়তো বলে জানান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, এ বাস দুর্ঘটনায় একজন নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাস দুটি বর্তমানে থানার হেফাজতে আছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।