রক্ষক যখন ভক্ষক! ভাইরাল জ্যাকুলিন ও বডিগার্ডের ভিডিও

 বলিউড ডিভা জ্যাকুলিন ফার্নান্দেজ মুম্বাইয়ের একটি জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে নেটদুনিয়ায় জোর চর্চায়। তবে কোনো গ্ল্যামারাস লুক বা ছবির প্রচারের জন্য নয়, বরং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই তুমুল শোরগোল। যেখানে জ্যাকলিনের বডিগার্ডের ‘অভদ্র’ আচরণ দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন, তেমনই আবার কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়ে নেটপাড়ার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী নিজে। 

‘ইনস্ট্যান্ট বলিউড’-এর শেয়ার করা সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান চত্বরে জ্যাকলিনকে দেখা মাত্রই তার সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে দেন ভক্তরা। অনুরাগীদের নিরাশ করতে চাননি জ্যাকুলিনও; হাসিমুখে পোজ দিতে যান তিনি। কিন্তু ঠিক তখনই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। অভিনেত্রীর নিজস্ব বডিগার্ড আচমকাই জ্যাকলিনের কবজি শক্ত করে চেপে ধরেন এবং ফ্যানদের থেকে কার্যত টেনে-হিঁচড়ে তাকে স্টেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

নিরাপত্তারক্ষীর এমন আকস্মিক আচরণে জ্যাকুলিন যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন, তা তার চোখেমুখেই স্পষ্ট ছিল। হাত দিয়ে ইশারা করে তিনি বডিগার্ডকে থামতে বলেন এবং বারণ সত্ত্বেও নিজের জায়গায় দাঁড়িয়ে ভক্তদের আবদার মেটান, সেলফি তোলেন। 

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বডিগার্ডের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ এক অনুরাগী লিখেছেন, ‘অত্যন্ত আপত্তিকর ব্যবহার! এই বডিগার্ডের ন্যূনতম সম্মানবোধ নেই। জ্যাকুলিন যে অস্বস্তি বোধ করছেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে।’ 

অন্য একজন মন্তব্য করেছেন, ‘রক্ষক যখন নিজেই হেনস্থাকারী হয়ে ওঠে!’ আবার কেউ কেউ সোজা প্রশ্ন তুলেছেন, ‘নিরাপত্তা দেওয়া ভালো কথা, কিন্তু তারকাকে এভাবে স্পর্শ করার অধিকার ওকে কে দিল? ছোঁয়া ছাড়াও দূর থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব।’ তবে এই হট্টগোলের মাঝেও জ্যাকলিনের ধৈর্য ও মিষ্টি ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।